পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার কাঁচা তামাক আটক
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে সমুদ্রপথে আসা ১০টি কনটেইনারে থাকা
১৫০মেট্রিক টন কাঁচা তামাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় আমদানি করা এসব তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা বিভাগের প্রাথমিক পর্যালোচনায় আমদানি মূল্যে অসংগতি পাওয়া গেছে। একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার দরে শুল্কায়ন করা হলেও চালানটিতে প্রতি কেজি তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। আগের আমদানি মূল্য বিবেচনায় এ চালানে আমদানি পর্যায়েই প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব জড়িত।
সংস্থাটির মতে, বন্ড সুবিধায় আমদানি করা তামাকের ব্যবহার ও উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না হলে আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে শুল্ক ও কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর।