আধুনিক সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে লন্ডনে চ্যানেল এসের কর্মশালা ও মিলনমেলা
লন্ডন থেকে এম জি কিবরিয়া:-
আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধন, সংবাদ পরিবেশনায় নতুনত্ব এবং কমিউনিটির প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটেন ও ইউরোপের সর্বাধিক প্রচারিত বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল এসের দিনব্যাপী কর্মশালা ও মিলনমেলা।
মঙ্গলবার লন্ডনে চ্যানেল এসের নিজস্ব স্টুডিওতে আয়োজিত ওয়ার্কশপ অ্যান্ড গেট টুগেদার অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হয়ে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতার আধুনিক কৌশল, সংবাদ সংগ্রহ, তথ্যের যথাযথ উপস্থাপনা এবং সম্প্রচারের গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি ও ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী।
কর্মশালায় সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং সংবাদ পরিবেশনায় দক্ষতা বৃদ্ধির নানা বিষয় তুলে ধরেন চ্যানেল এসের হেড অব নিউজ মিল্টন রহমান, এক্সিকিউটিভ এডিটর মুশতাক বাবুল, সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রেজওয়ানা আনোয়ার, সিনিয়র প্রডিউসার আব্দুল আহাদ এবং সাংবাদিক হাসান রহমান। তাঁরা প্রতিনিধিদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় পরামর্শ বিনিময় করেন।
প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার গুরুত্ব বিবেচনায় কর্মশালায় ভিডিও এডিটিং, আধুনিক গ্রাফিক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন চ্যানেল এসের প্রডিউসার মার্স শিপলু, হেড অব গ্রাফিক্স এইচ এম মাহিদি এবং হেড অব ডিজিটাল আসাদুজ্জামান চৌধুরী জীবন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য রাখেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। পরে কর্মশালায় অংশগ্রহণকারী ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি এবং ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী।
পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ এবং প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে এই আয়োজন। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আনন্দঘন ফটোসেশন এবং নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালা ও মিলনমেলার সমাপ্তি ঘটে।
প্রবাসী বাংলা সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, পেশাদারত্ব এবং মানসম্মত সংবাদ পরিবেশনার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে চ্যানেল এসের এই আয়োজন সাংবাদিকতার উৎকর্ষ সাধনের প্রত্যয়কে আরও জোরালো করেছে।