যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কো রুবিও
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগে ইতিবাচক অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতামূলক আলোচনা এখনও সক্রিয় রয়েছে এবং অদূর ভবিষ্যতে এ বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে।
শনিবার ২৪ মে, ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, আলোচনা প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে এবং পরিস্থিতির আরও উন্নতি হলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন তথ্য জানানো হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আজ, আগামীকাল কিংবা সামনের কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নানা ইস্যুতে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত থাকলেও সাম্প্রতিক এই মন্তব্যকে সম্ভাব্য সমঝোতা ও সম্পর্কোন্নয়নের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।