রেডব্রিজ বরো কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত সাইয়েদা লাভলী চৌধুরী
লন্ডনের রেডব্রিজ বরো কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি লেবার কাউন্সিলর সাইয়েদা লাভলী চৌধুরী। তাঁর এই অর্জনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনীতি ও কমিউনিটি কার্যক্রমে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হন। ব্রিটিশ বাংলাদেশি সমাজে সুপরিচিত মুখ হিসেবে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক নানা আয়োজনে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের।
সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে নিউবারি ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৫৮৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন সাইয়েদা লাভলী চৌধুরী। এর আগে ২০২২ সালের স্থানীয় নির্বাচনে ব্রিজ ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। সে সময় তিনি পেয়েছিলেন ১ হাজার ৪৭০ ভোট।
কমিউনিটিতে নারী নেতৃত্বের বিকাশ ও মূলধারার রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে তাঁর ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। একজন সফল ব্রিটিশ বাংলাদেশি নারী রাজনীতিক হিসেবে নতুন প্রজন্মের নারীদের জন্য তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন বলে মনে করছেন কমিউনিটির নেতারা।
ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জনসেবা ও সামাজিক সম্পৃক্ততার পরিধি আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ব্যক্তিগত জীবনে সাইয়েদা লাভলী চৌধুরীর স্বামী সিরাজুল বাসিত চৌধুরী একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিউনিটি কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগে এই দম্পতির সক্রিয় ভূমিকা ব্রিটিশ বাংলাদেশি সমাজে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ মনে করছেন, রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে সাইয়েদা লাভলী চৌধুরীর এই নতুন দায়িত্ব প্রবাসে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।