কম মূল্যে চীনের কাছে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব বিক্রি করল ফিফা
বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকতে অবশেষে চীনের সঙ্গে সম্প্রচার স্বত্ব চুক্তি সম্পন্ন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দীর্ঘ আলোচনার পর হওয়া এই চুক্তিতে শুরুতে নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম দামে স্বত্ব ছাড়তে হয়েছে সংস্থাটিকে।
ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে হওয়া এই সমঝোতার আওতায় ২০৩১ সাল পর্যন্ত মোট চারটি বিশ্বকাপ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পুরুষ ও নারী বিশ্বকাপের দুটি করে আসর রয়েছে। পাশাপাশি আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ২০২৬ সালের বিশ্বকাপও এই চুক্তির অন্তর্ভুক্ত হয়েছে।
চীনা গণমাধ্যমের তথ্যমতে, ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের মূল্য ধরা হয়েছে প্রায় ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭৩০ কোটির বেশি। যদিও শুরুতে ফিফা এই স্বত্বের জন্য প্রায় ৩০ কোটি ডলার প্রত্যাশা করেছিল বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে শেষ পর্যন্ত বড় অঙ্কের ছাড় দিয়েই চুক্তি সম্পন্ন করতে হয়েছে সংস্থাটিকে।
বিশ্বকাপটি এবার যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে উত্তর আমেরিকার শহরগুলোর সঙ্গে বেইজিংয়ের সময়ের পার্থক্য অনেক বেশি হওয়ায় চীনা বাজারে সম্প্রচার নিয়ে আগ্রহ তুলনামূলক কম ছিল বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বিষয়টিই দর-কষাকষিতে চীনের অবস্থানকে শক্তিশালী করেছে।
চুক্তি প্রসঙ্গে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম বলেন, চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরে তারা সন্তুষ্ট। চীন সফরের সময় তিনি দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।
অন্যদিকে, ভারতীয় বাজারে এখনো বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করতে পারেনি ফিফা। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলারের বেশি আয়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেখানে চীনের সম্প্রচার ও বিনিয়োগ চুক্তিকে বড় অবদান হিসেবে দেখা হচ্ছে।