হরমুজ সংকটে বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা বাড়ছে
ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে রাসায়নিক সারের আন্তর্জাতিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই সারের বৈশ্বিক চালান প্রায় বন্ধ হয়ে পড়েছে, যা কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রোববার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয়েছে, সারের ঘাটতি অব্যাহত থাকলে বিশ্বব্যাপী ফসল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এতে কৃষিপণ্যের দাম দ্রুত বৃদ্ধি পেয়ে বৈশ্বিক খাদ্যবাজারে অস্থিরতা তৈরি হতে পারে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও এক সাক্ষাৎকারে জানান, সারের সংকট কৃষি মৌসুমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এশিয়ার কয়েকটি দেশে সময়মতো ফসল রোপণ সম্ভব হয়নি, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, সারের অভাবে প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী দেশগুলো তাদের চাষাবাদের ধরন পরিবর্তনের দিকে ঝুঁকতে পারে। গম ও ভুট্টার পরিবর্তে সয়াবিনের মতো কম সারনির্ভর ফসলের দিকে ঝোঁক বাড়তে পারে।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কৃষকেরা উৎপাদিত ফসল খাদ্যের পরিবর্তে বায়োফুয়েল তৈরিতে ব্যবহার করতে পারেন, যা খাদ্য সরবরাহে নতুন চাপ সৃষ্টি করবে।
বিশ্লেষকদের মতে, ইতোমধ্যে বিশ্ববাজারে গম ও সয়াবিনের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বছরের শেষ দিকে এই প্রবণতা আরও তীব্র হতে পারে এবং আগামী বছরে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, জ্বালানি ও খাদ্যের মূল্য একসঙ্গে বাড়তে থাকলে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। সংকট দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।