মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
শনিবার ২ মে ইয়াকুব করিমপুর এবং নাসের বাকরজাদেহ নামে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগ অনুযায়ী, বাকরজাদেহ গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং নাতাঞ্জসহ সংবেদনশীল এলাকার তথ্য সংগ্রহে জড়িত ছিলেন। অপরদিকে করিমপুরের বিরুদ্ধে এসব তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহের অভিযোগ আনা হয়।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, তারা দেশের নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গোয়েন্দা তৎপরতায় যুক্ত ছিলেন।
সাম্প্রতিক সময়ে দেশটিতে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের দণ্ড কার্যকরের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ওপর নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।