মধ্যপ্রাচ্যকে আমেরিকা মুক্ত করার আহ্বান মোজতবা খামেনির
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে দেওয়া এক বক্তব্যে বিদেশি প্রভাবমুক্ত একটি অঞ্চলের প্রত্যাশা ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের আগামী দিনগুলো এমন একটি কাঠামোর দিকে এগোবে, যেখানে বাইরের শক্তির প্রভাব থাকবে না এবং আঞ্চলিক দেশগুলো নিজেরাই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
সাম্প্রতিক এক ভাষণে তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের অগ্রগতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বহিরাগত শক্তির উপস্থিতি।
মঙ্গলবার বক্তব্যে তিনি আরও বলেন, যদি উপসাগরীয় দেশগুলো পারস্পরিক সহযোগিতা জোরদার করে, তবে তারা নিজেদের সম্পদ ও ভৌগোলিক গুরুত্ব কাজে লাগিয়ে স্বনির্ভর উন্নয়ন নিশ্চিত করতে পারবে।
তার মতে, আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা হলে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে এবং বিদেশি নির্ভরতা কমে আসবে।
তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ তার নিজস্ব জনগণের হাতে থাকা উচিত এবং তাদের কল্যাণেই সব ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হওয়া প্রয়োজন।