রিয়াদে সৌদি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিরাপত্তা ও সংকট পরিস্থিতি নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে রিয়াদে সৌদি আরব ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি তা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় এসব ঘটনার প্রভাব নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কীভাবে পড়ছে তা গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর লেবাননবিষয়ক উপদেষ্টা প্রিন্স ইয়াজিদ বিন ফারহান উপস্থিত ছিলেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে অচলাবস্থা বিরাজ করছে। এর প্রভাব লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিফলিত হচ্ছে বলে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশেষ করে লেবাননের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা ও পাল্টা প্রতিক্রিয়া পুরোপুরি বন্ধ হয়নি, যা অঞ্চলটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে এখনও অনিশ্চয়তার মধ্যে রেখেছে।