ট্রাম্পকে ঘিরে কৌশল নিয়ে ডেমোক্র্যাটদের ভেতরে বিভক্তি বাড়ছে
মার্কিন রাজনীতিতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে স্পষ্ট মতপার্থক্য তৈরি হয়েছে।
দলের একাংশ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টিকে প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনতে চাইলেও অন্য অংশ এ নিয়ে সতর্ক অবস্থান নিচ্ছে।
সাম্প্রতিক কিছু বিতর্কিত বক্তব্য ও আন্তর্জাতিক ইস্যুতে ট্রাম্পের অবস্থানের পর ডেমোক্র্যাটদের একটি অংশ আরও আক্রমণাত্মক কৌশলের পক্ষে অবস্থান নিয়েছে। তারা প্রেসিডেন্টের সক্ষমতা যাচাইয়ের জন্য সাংবিধানিক প্রক্রিয়া চালুর উদ্যোগেও সমর্থন দিচ্ছেন।
এমনকি প্রতিনিধি পরিষদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এ সংক্রান্ত একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছেন, যা প্রয়োজনে প্রেসিডেন্টকে অপসারণের পথ সুগম করতে পারে।
তবে দলের অন্য একটি অংশ মনে করছে, ট্রাম্পকে কেন্দ্র করে অতিরিক্ত রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়লে জনগণের দৈনন্দিন সমস্যা, বিশেষ করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আড়ালে পড়ে যেতে পারে।
তাদের মতে, অতীতে একই ধরনের উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেয়নি এবং একই পথে এগোলে ভোটারদের আস্থা হারানোর ঝুঁকি রয়েছে।
সাম্প্রতিক জনমত জরিপে অর্থনৈতিক বিষয়গুলোতে ভোটারদের উদ্বেগ স্পষ্ট হওয়ায় এ নিয়ে দলীয় কৌশল নির্ধারণে মতবিরোধ আরও বাড়ছে।
এদিকে, তরুণ ও প্রগতিশীল ভোটারদের আকৃষ্ট করতে দলের একটি অংশ ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে সওয়াল করছে। ইতোমধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে নতুন করে অভিশংসন প্রস্তাবও আনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ঘিরে ডেমোক্র্যাটদের এই কৌশলগত বিভাজন আরও স্পষ্ট হতে পারে এবং এর প্রভাব নির্বাচনী ফলাফলেও পড়তে পারে।