যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ অস্বীকার হিজবুল্লাহর, পাল্টা অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে
লেবাননকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ সরাসরি নাকচ করেছে হিজবুল্লাহ এবং এ বিষয়ে ইসরাইলকেই দায়ী করেছে সংগঠনটি।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বাস্তবসম্মত নয় এবং শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে ইসরাইলি বাহিনী।
বিবৃতিতে বলা হয়, অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরাইল ধারাবাহিকভাবে হামলা ও সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ দাবি করে, দখলকৃত এলাকায় ইসরাইলি সেনা অবস্থান লক্ষ্য করে তাদের প্রতিক্রিয়া এসেছে এবং তা পরিস্থিতির প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ।
এতে আরও উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি প্রক্রিয়ায় লেবাননের কোনো আনুষ্ঠানিক ভূমিকা ছিল না এবং এ ধরনের কোনো দ্বিপক্ষীয় চুক্তিতে দেশটিকে যুক্ত করার চেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ হয়নি, বরং তা আরও জোরদার হয়েছে। এতে আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি অবজ্ঞা ফুটে উঠছে বলে মন্তব্য করা হয়।
বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।