কমিশনিং লাইসেন্স পেল রূপপুর বিদ্যুৎকেন্দ্র, উৎপাদনের পথে বড় অগ্রগতি
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দেওয়া হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়েরা এই লাইসেন্স প্রদান করে, যা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে অনুমোদিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান কমিশনিং লাইসেন্স এবং প্রয়োজনীয় পার্সোনেল অথরাইজেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এই লাইসেন্সের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু করার পথ উন্মুক্ত হলো, যা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যাত্রায় একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এপ্রিলের শেষ সপ্তাহে জ্বালানি লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম শুরুর প্রায় তিন মাসের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা যাচাই শেষে আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দীর্ঘমেয়াদি টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।