যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দিলো ইরান, পুনরায় চালু বাণিজ্যিক নৌপথ
মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান।
শুক্রবার ১৭ এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
তিনি বলেন, যুদ্ধবিরতির প্রেক্ষাপটে পূর্ব নির্ধারিত সমন্বিত ব্যবস্থাপনায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা হয়েছে এবং নির্ধারিত সময়ের জন্য তা অব্যাহত থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে নিরাপত্তাজনিত কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল কার্যত সীমিত রাখা হয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া সংঘর্ষের সময় ইরান সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয় বলে জানানো হয়।
ইরান এই সিদ্ধান্তকে তাদের সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে তুলে ধরেছে। দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে দেশটির পক্ষ থেকে বিভিন্ন শর্ত তুলে ধরা হয়, যার মধ্যে লেবাননসহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি ছিল অন্যতম।
পরবর্তীতে মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে আলোচনা এগিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর মধ্যরাত থেকে লেবাননে তা কার্যকর হয়।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় চালু হওয়ায় জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।