উপসাগরীয় স্থাপনায় হামলা সতর্কবার্তা হিসেবে দাবি আইআরজিসির
উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক হামলাকে একটি পরিকল্পিত সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি উত্তেজনা অব্যাহত থাকে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি ইস্পাত কারখানা এবং বাহরাইনের একটি অ্যালুমিনিয়াম স্থাপনাকে লক্ষ্য করা হয়।
শুক্রবার ৩ এপ্রিল প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ইরানের শিল্প খাতে ভবিষ্যতে কোনো ধরনের আঘাত এলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এমন পরিস্থিতি তৈরি হলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট অর্থনৈতিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।
সংস্থাটি আগেও একাধিকবার সতর্ক করে বলেছে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তারা গালফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ও পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে এবং ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।