লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন
যুক্তরাজ্যের লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ৩০ মার্চ সন্ধ্যায় পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটে দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনের শিরোনাম ছিল ‘রক্তে লেখা স্বাধীনতা’। কবিতা, আবৃত্তি ও গানের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে উপভোগ্য ও আবেগঘন।
সংগঠনের সভাপতি কবি ইকবাল আহমদের সভাপতিত্বে এবং টেলিভিশন উপস্থাপিকা হেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমভিত্তিক স্বরচিত কবিতা পাঠ করেন রহমত আলি, আতাউর রহমান মিলাদ, মোহাম্মদ ইকবাল, নজরুল ইসলাম অকিব, আসমা মতিন, মাশূক ইবনে আনিস, এ কে এম আবদুল্লাহ, স্মৃতি আজাদ, মোসাইদ খান, মোহাম্মদ মুহিদ, আজিজুল আম্বিয়া, ইমদাদুন খান, কাদের কামাল, শামসুদ্দিন রুমি, মীর মাহবুবুল আলম ও সারওয়ার-ই আলমসহ আরও অনেকে।
এছাড়া ফারুক আহমেদ একটি স্বরচিত গান পরিবেশন করেন। মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন কর্নেল (অব.) সৈয়দ আলি আহমদ, মোহাম্মদ শহিদ আলি, মতিয়ার রহমান, আহবাব হোসেন ও উদয় শংকর দুর্জয়সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মীর মোস্তফা। শুরু থেকে শেষ পর্যন্ত কবিতা ও সঙ্গীতের মেলবন্ধনে দর্শকদের মাঝে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
শেষে সকলের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এই আয়োজনের মাধ্যমে লন্ডনের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।