হরমুজ প্রণালিতে বাণিজ্য সচল রাখতে জাতিসংঘের টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।
শনিবার ২৮ মার্চ জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সংঘাতের প্রভাব কমাতে অবিলম্বে উদ্যোগ নেওয়া জরুরি। তিনি জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভার নেতৃত্বে এই টাস্ক ফোর্স কাজ করবে।
নতুন এই উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ পূর্ববর্তী সফল কর্মসূচিগুলোর অভিজ্ঞতা কাজে লাগাবে। বিশেষ করে ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজা সংশ্লিষ্ট ব্যবস্থাপনা থেকে শিক্ষা নেওয়া হবে।
দুজারিক আরও জানান, টাস্ক ফোর্স ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং বৈশ্বিক স্বার্থে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা প্রত্যাশা করছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে জ্বালানি ও সারের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যার ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও সতর্ক করে জানিয়েছে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তীব্র হতে পারে এবং কোটি কোটি মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে।