ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা
অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত তিউনিশিয়ার সিনেমা দ্য ভয়েজ অব হিন্দ রজব ভারতে প্রদর্শনে বাধার মুখে পড়েছে।
ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেনসর বোর্ড রাজনৈতিক সংবেদনশীলতার কারণ দেখিয়ে সিনেমাটির প্রদর্শনের অনুমোদন স্থগিত রেখেছে বলে অভিযোগ করেছেন ছবিটির ভারতীয় পরিবেশক।
চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টের প্রধান মনোজ নন্দওয়ানা জানান, ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করা হলেও এখনো অনুমোদন মেলেনি। তিনি মার্চের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিলেন।
তার দাবি, সেন্সর বোর্ডের এক সদস্য ইঙ্গিত দেন যে, চলচ্চিত্রটি মুক্তি পেলে ভারত ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এই যুক্তি তিনি প্রত্যাখ্যান করে বলেন, একটি সিনেমার কারণে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাস্তবসম্মত নয়।
নির্মাতা কাউথার বেন হানিয়ার পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছে পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের মৃত্যুর মর্মান্তিক ঘটনার ওপর ভিত্তি করে। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে পরিবারসহ গাড়িতে আটকে পড়ে শিশুটি, পরে সাহায্যের জন্য ফোন করলেও শেষ পর্যন্ত হামলার শিকার হয়ে প্রাণ হারায়।
চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দীর্ঘ সময় দর্শকদের করতালিতে সম্মানিত হয় এবং সিলভার লায়ন পুরস্কার লাভ করে।
ভারতে প্রদর্শন অনিশ্চয়তার খবর প্রকাশের পর দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, চলচ্চিত্র প্রদর্শন মতপ্রকাশের স্বাধীনতার অংশ এবং এটি কোনো রাষ্ট্রীয় সম্পর্কের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় সাংস্কৃতিক প্রকাশনা বন্ধ করার প্রবণতা একটি পরিপক্ব গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রনীতিতে ইসরাইলের প্রতি সমর্থন বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বিবেচনা থাকতে পারে। তবে এ বিষয়ে সেন্সর বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।