লন্ডনে ফার রাইট ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জাতীয় বিক্ষোভের ডাক
যুক্তরাজ্যে ফার রাইট গোষ্ঠীর তৎপরতা ও ইসলামোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনে জাতীয় বিক্ষোভের ঘোষণা দিয়েছে টুগেদার অ্যালায়েন্স।
আগামী শনিবার ২৮ মার্চ দুপুর ১২টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে, যেখানে মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সমাজে বর্ণবাদ ও বিভাজন বাড়ার প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। নবগঠিত এই জোটে বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠন, ট্রেড ইউনিয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুসলিম কমিউনিটি সংগঠন একত্রিত হয়েছে। এর মধ্যে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ও মুসলিম ভয়েস উল্লেখযোগ্য। সংগঠনটির দাবি, তারা দেশের প্রায় ৭ মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করছে।
সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে আয়োজকরা জানান, যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষী ঘটনার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালে এমন ঘটনার সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৩১৩, যার মধ্যে ৫ হাজার ৮৩৭টি যাচাইকৃত। আগের বছরের তুলনায় এই ধরনের ঘটনা বেড়েছে ৪৩ শতাংশ। একই সময়ে হামলার ঘটনা ৭৩ শতাংশ, হুমকিমূলক আচরণ ৩২৮ শতাংশ এবং ভাঙচুরের ঘটনা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া মার্চ ২০২৫ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে মোট ১ লাখ ১৫ হাজার ৯৯০টি হেট ক্রাইম রেকর্ড হয়েছে, যার মধ্যে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধে মুসলিমদের লক্ষ্যবস্তু করার হার ১৯ শতাংশ বেড়েছে।
আয়োজকদের মতে, ফার রাইট গোষ্ঠীগুলোর প্রভাব সমাজের কিছু অংশে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে এখনই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিক্ষোভে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন টুগেদার অ্যালায়েন্সের চেয়ার কেভিন কোর্টনি, কর্ডোবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. আবদুল্লাহ ফালিক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের দিলোয়ার খান ও ড. মনোয়ার হোসেন, ফ্রেন্ডস অব আল আকসার শামিউল জোয়ারদার এবং স্ট্যান্ড আপ টু রেসিজমের ওয়েম্যান বেনেট।
মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের জাস্টিস সেক্রেটারি ড. মনোয়ার হোসেন বলেন, ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।
আয়োজকরা আরও জানান, এই কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তা সমাজে শক্তিশালী বার্তা দেবে এবং উগ্রবাদ ও বৈষম্যের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সহায়ক হবে।