ব্রিটেনের কেইগলি টাউন কাউন্সিলে ডেপুটি মেয়র হচ্ছেন বিশ্বনাথের আব্দুস শহিদ
ব্রিটেনের কেইগলি টাউন কাউন্সিলে নতুন পৌর বছরের জন্য ডেপুটি টাউন মেয়র হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান কাউন্সিলর আব্দুস শহিদ।
গত বৃহস্পতিবার ২৬ মার্চ কাউন্সিলের সিদ্ধান্তে আসন্ন পৌর বছরের জন্য কাউন্সিলর আন্দ্রেয়া ওয়াকারকে টাউন মেয়র এবং আব্দুস শহিদকে ডেপুটি টাউন মেয়র হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
জানা গেছে, কাউন্সিলর আন্দ্রেয়া ওয়াকার ২০০৩ সালে রিডলসডেন ও স্টকব্রিজ ওয়ার্ড থেকে প্রথমবার নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আব্দুস শহিদ ২০১৯ সালে লকহোম ও শোফিল্ড ওয়ার্ড থেকে প্রথম নির্বাচিত হন এবং বর্তমানে ২০২৩ সাল থেকে নোল পার্ক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন।
আব্দুস শহিদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও গ্রামের হাজী আব্দুর রাজ্জাক ও আরিজা খাতুনের সন্তান। প্রবাসে থেকেও তিনি কমিউনিটি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
আগামী বৃহস্পতিবার ১৪ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এই অর্জনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।