প্রবাসীদের জন্য কড়া নিয়ম আনছে মালয়েশিয়া
বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা জোরদার করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার, যার ফলে দেশটিতে কাজের সুযোগ পেতে হলে আগের তুলনায় বেশি বেতন দেখানোর বাধ্যবাধকতা থাকছে। নতুন এই নিয়ম আগামী জুন থেকে কার্যকর হবে এবং কিছু ক্ষেত্রে ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে।
একই সঙ্গে নিয়োগকর্তারা কতদিন পর্যন্ত একই ভিসাধারী কর্মীকে স্পনসর করতে পারবেন, সেটিও নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক প্রবাসী কর্মী।
শুক্রবার ২৭ মার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতি মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। বর্তমানে দেশটিতে প্রায় ২১ লাখ নিবন্ধিত বিদেশি শ্রমিক কাজ করছেন, যাদের বড় অংশই কায়িক শ্রমনির্ভর পেশায় যুক্ত। তাদের গড় মাসিক আয় প্রায় ১ হাজার ৭০০ রিঙ্গিত।
অন্যদিকে, তুলনামূলক ছোট একটি অংশ উচ্চ দক্ষতাসম্পন্ন খাতে যেমন অর্থায়ন, সেমিকন্ডাক্টর এবং তেল ও গ্যাস শিল্পে কাজ করছেন, যেখানে বেতন তুলনামূলক বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে উচ্চ আয়ের বিদেশি কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪০ হাজার, যারা বছরে প্রায় ৭ হাজার ৫০০ কোটি রিঙ্গিত অর্থনীতিতে যোগান দিচ্ছেন এবং উল্লেখযোগ্য পরিমাণ কর প্রদান করছেন।
তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শ্রমিক নির্ভরতা নিয়ে দেশটিতে বিতর্ক বাড়ছে। ২০২৫ সালের জাতীয় নীতিকৌশলে সরকার জানিয়েছে, কম দক্ষ বিদেশি শ্রমিকের ওপর অতিরিক্ত নির্ভরতা আধুনিক প্রযুক্তির ব্যবহারকে বাধাগ্রস্ত করছে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন নীতিমালার ফলে মধ্যম দক্ষতার শ্রমিকনির্ভর প্রতিষ্ঠানগুলোর ব্যয় বাড়তে পারে। পাশাপাশি স্থানীয় কর্মী গড়ে তোলার উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপরই এই সিদ্ধান্তের সুফল নির্ভর করবে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতে সংস্কারের সঙ্গে সমন্বয় থাকলে এ নীতি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। তবে বাস্তবায়নে ঘাটতি থাকলে এর প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে।
অন্যদিকে প্রবাসীদের একাংশ মনে করছেন, নতুন নিয়ম দক্ষ কর্মীদের নিরুৎসাহিত করবে না, তবে নীতির যৌক্তিকতা স্পষ্ট না হলে বিকল্প গন্তব্য হিসেবে ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশগুলোতে আগ্রহ বাড়তে পারে।