বাংলাদেশে দায়িত্ব গ্রহণে আনন্দ প্রকাশ নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের
বাংলাদেশে দায়িত্ব নিতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে জানানো হয়, শনিবার সকাল ৯টার দিকে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে স্বাগত জানানো হয়। সেখানে তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যার সঙ্গে তিনি আগে থেকেই ঘনিষ্ঠভাবে পরিচিত এবং আবার এখানে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত।
তিনি আরও জানান, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিনি আগ্রহী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে দেশটির নিরাপত্তা, শক্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে অবদান রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সিনেট আনুষ্ঠানিকভাবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ অনুমোদন করে। তিনি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত এবং সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিস কাউন্সেলের সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
তার কূটনৈতিক কর্মজীবনে ফিলিপাইনের ম্যানিলা, এল সালভাদরের সান সালভাদর, সৌদি আরবের রিয়াদ এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব শেষ হওয়ার পর কিছু সময় রাষ্ট্রদূতের পদ শূন্য ছিল। এ সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন নিয়মিত কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছিলেন।