ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শনিবার ১৪ মার্চ এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
প্রকাশিত তথ্যে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও প্রচার করেছে। এসব ভিডিও দেশের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
তদন্তে দেখা গেছে, ভিডিওগুলোর কিছু অংশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র এবং জনসমাগমের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্যও যুক্ত করা হয়েছে। কিছু ভিডিওতে শিশুদের আবেগকে ব্যবহার করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া কয়েকটি ভিডিওতে অন্য দেশের সামরিক স্থাপনায় হামলার দৃশ্যকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা বলে প্রচার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার কিংবা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
সরকারি তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন ও নেপালের নাগরিক রয়েছেন। এছাড়া ভারতের দুইজন নাগরিকও গ্রেপ্তারদের তালিকায় রয়েছে।
তথ্যসূত্র খালিজ টাইমস।