কলাপাতায় ইফতার আয়োজন, পরিবেশ রক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ
পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশবান্ধব উপায়ে ইফতার পরিবেশন করে শিক্ষার্থীরা নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মঙ্গলবার ৩ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার বার্তা দেন।
প্রচলিত ইফতার আয়োজনগুলোতে সাধারণত পলিথিন, প্লাস্টিকের প্লেট, গ্লাস ও অন্যান্য একবার ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বেশি দেখা যায়। তবে এই আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। শিক্ষার্থীরা প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এড়িয়ে কলাপাতায় খাবার পরিবেশন করেন। পাশাপাশি প্লাস্টিকের পরিবর্তে কাচের গ্লাস ও জগ ব্যবহার করা হয়।
আয়োজকরা জানান, পুরো আয়োজনটি জিরো ওয়েস্ট নীতির ভিত্তিতে পরিচালিত হয়েছে। ব্যবহৃত কলাপাতা এবং অবশিষ্ট খাবার অপচয় না করে গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহারের ব্যবস্থা করা হয়। এর ফলে অনুষ্ঠানে কোনো ধরনের ক্ষতিকর বর্জ্য তৈরি হয়নি।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক রাশেদ আল মামুন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন কেমিস্ট্রি ও বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শারাফ উদ্দিন, পশু ও মৎস্য জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলী জিন্নাহ এবং উদ্ভিদ ও পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক কাসমির রেজা সহ বিভিন্ন শ্রেণি পেশার অতিথিবৃন্দ।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি মানুষের। তাই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে যদি প্লাস্টিকের ব্যবহার কমানো যায়, তবে তা ভবিষ্যতের পৃথিবীকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকৃতি আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। তাই প্রকৃতিকে ভালোবাসা এবং তাকে রক্ষা করার এই আহ্বান যেন সবার মনে পৌঁছে যায়, এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন আয়োজকরা।