ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে শতাধিক নিহতের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে পরিচালিত একটি মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বুধবার ৭ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এর আগে ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিকভাবে মোট নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে দেশটির সেনাবাহিনী ২৩ জন নিহত সেনাসদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য অংশ ওই অভিযানে প্রাণ হারিয়েছে।
এ ঘটনায় কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্যও নিহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো আরও বলেন, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হন।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাপ্তাহিক বক্তব্যে কাবেলো নিহত সেনাসদস্যদের সাহসিকতার কথা উল্লেখ করেন। তিনি জানান, নিহতদের স্মরণে মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।