টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের স্কারলেট ইকোস, বিশ্ব প্রিমিয়ার মার্চে
বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্কারলেট ইকোস আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি সাফল্য এনে দিয়েছে। বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবের ৫৬তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি, যার বাংলা নাম রক্তিম।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়া ৭ হাজার ১২৫টি চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৬০টি চলচ্চিত্র অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। ৪৪টি দেশের নির্বাচিত এই ৬০টি চলচ্চিত্রের তালিকায় একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা পেয়েছে স্কারলেট ইকোস। তরুণ নির্মাতা হেমন্ত সাদীকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পটভূমিতে তৈরি।
ডকু ফিকশনধর্মী এই চলচ্চিত্রে ২০২৪ সালের উত্তাল জুলাই আন্দোলনের বাস্তব ফুটেজের সঙ্গে কল্পিত দৃশ্যের সংমিশ্রণ ঘটানো হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আদনান নামের এক আলোকচিত্রী ও সিঙ্গেল ফাদার। তার ক্যামেরার চোখ দিয়ে উঠে আসে ঢাকার রাজপথ, অনিশ্চয়তা এবং গণমানুষের অদম্য আকাঙ্ক্ষার চিত্র।
চলচ্চিত্রটির প্রযোজক দিলরুবা হোসেন দোয়েল জানান, কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই টিম মেম্বারদের সম্মিলিত প্রচেষ্টায় এটি নির্মিত হয়েছে। প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে আন্দোলনের ভেতরে, মাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে। নির্মাণের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলী সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করেছেন বলেও জানান তিনি।
চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়কে, যিনি আন্দোলনের সময় সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে নিহত হন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাতা এই চলচ্চিত্র নির্মাণ করেন।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবটি এফআইএপিএফ স্বীকৃত এবং একইসঙ্গে অস্কার, বাফটা ও ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং ফেস্টিভ্যাল। ফ্রান্সের ক্লেরমন্ট ফেরাঁন্দের সঙ্গে এই উৎসবটি একসঙ্গে এসব স্বীকৃতি বহন করে, যা মূল প্রতিযোগিতায় নির্বাচিত হওয়াকে বিশ্ব চলচ্চিত্রের অভিজাত প্ল্যাটফর্মে প্রবেশ হিসেবে বিবেচনা করা হয়।
আগামী ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত ফিনল্যান্ডের টেম্পেয়ার শহরে অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৬তম আসর। মূল প্রতিযোগিতার অংশ হিসেবে সেখানেই স্কারলেট ইকোস চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
একটি স্মার্টফোন, একদল স্বপ্নবান তরুণ আর দেশের মানুষের সংগ্রামের বাস্তবতা মিলে যে গল্প তৈরি হয়েছে, সেটিই আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় হয়ে উঠছে, যা নিঃসন্দেহে সবার হৃদয়ে গর্বের আলো ছড়িয়ে দেবে।