দুঃখিনী মায়ের কথা
আমার মা
যার গর্ভে জন্ম নিয়ে
এই মাটির পৃথিবীতে
প্রথম নিশ্বাস নিয়েছিলাম আমি।
সেই মা ছিলেন জন্মদুঃখী।
ছোটবেলাতেই তিনি হন পিতামাতা হারা।
আমার নানী মারা যান অসুস্থ হয়ে,
আর নানা মারা যান হজ পালনের সময়।
তাই তাকে বড় হতে হয়েছিল
ভাইদের সংসারে।
এক সময় তার বিয়ে হয়,
এরপর জন্ম হয় আমার
সেই দুঃখিনী মায়ের কোলজুড়ে।
এরপর জন্ম হয়
আমার অন্যান্য ভাইবোনের।
তখন আমরাই ছিলাম
মায়ের আনন্দ আর বেদনার সাক্ষী।
বাবা ছিলেন একটু রাগী,
তাই মাকে অনেক গঞ্জনা
সহ্য করতে হয়েছে সংসারে।
এরপর বাবা কিছুদিন অসুস্থ ছিলেন,
তখন আমাদের নিয়ে সংসারে
মা ছিলেন খুবই অসহায়।
তবুও সে সময়
আমরাই ছিলাম মায়ের
একমাত্র আশা আর ভরসা।
সন্তানেরা বড় হবে
সব দুঃখ ঘুচে যাবে
এটাই ছিল তার প্রত্যাশা।
আমরা বড় হলাম
বিয়ের পর সংসারী হলাম,
কিন্তু মাকে তো কোনদিন জিজ্ঞাসা করিনি
মা, তুমি কেমন আছ?
জানতে চাইনি
মায়ের জীবনের সুখ দুঃখের কথা,
যে ব্যথা সারা জীবন
তার অন্তরে ছিল
আমাদের দিকে চেয়ে।
আমি বিদেশ চলে আসার পর
হয়তো তার মনের লুকানো কষ্টগুলো
আমাকে ডেকেছে বারবার।
আর তখন হয়তো
আকুল হয়ে পথ চেয়ে থেকেছেন
আমার চিরদুঃখী মা।
কিন্তু আমি তাকে
শেষ দেখা দেখতে পারিনি।
এখন মা নেই।
হারিয়ে গেছে আমাদের
জান্নাতের সিঁড়ি
এই দুনিয়া ছেড়ে।
তবুও মনে পড়ে
সেই সব কাহিনী,
মায়ের বিষণ্ন মুখের
মলিন হাসি।
কিন্তু কিছুই করার নেই।
তাই নিজেকে আজ
বড় অপরাধী মনে হয়।