জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
সিলেটের জৈন্তাপুরে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় জেলার ১৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জৈন্তাপুর উপজেলার দুটি কেন্দ্রে তেরো শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
জৈন্তাপুরের পরীক্ষাকেন্দ্র দুটি হলো জৈন্তিয়া ডিগ্রি কলেজ ও জৈন্তা বালিকা উচ্চ বিদ্যালয়। জৈন্তিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে কেন্দ্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর হোসাইন, সহকারী কেন্দ্রপ্রধান সিদ্দিকুর রহমান এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ।
পরীক্ষা চলাকালে জৈন্তাপুরের কেন্দ্রগুলো পরিদর্শন করেন সিলেট জেলা পূর্বের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান শিকদার, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের প্রধান পৃষ্ঠপোষক ফাতেহুল ইসলামসহ অন্যরা।
সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলো শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। এ সময় অভিভাবকরা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে।
আয়োজক সূত্রে জানা যায়, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।