তীব্র গরমে হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
সৌদি আরবে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিশেষ করে মিনা ও মুজদালিফা এলাকায় তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার ২৪ মে, ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনার আলোকে হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিনা ও মুজদালিফা এলাকায় তাপমাত্রা ইতোমধ্যে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি কম থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতি জোরদার ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। একইসঙ্গে হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলা, তীব্র গরমের সময় হাঁটাচলা কমানো এবং যতটা সম্ভব তাবুর ভেতরে অবস্থান করার বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের রোদে বের হলে ছাতা ব্যবহারের পাশাপাশি পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে। এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত সব নির্দেশনা ও পরিচালন বার্তা যথাযথভাবে অনুসরণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।