প্রথমবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে ইসলামী আন্দোলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রতিষ্ঠার পর এটাই তাদের সংসদীয় রাজনীতিতে প্রথম আনুষ্ঠানিক প্রবেশ।
১৪ ফেব্রুয়ারি ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, বরগুনা ১ আসনে দলটির প্রার্থী মো. অলি উল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ৪ হাজার ১৭৫।
নির্বাচনের আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট এবং গণভোট আলাদা দিনে আয়োজনের দাবিতে জামায়াতসহ সমমনা কয়েকটি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল ইসলামী আন্দোলন। পরবর্তীতে আসন সমঝোতা নিয়ে মতপার্থক্যের জেরে জোট থেকে সরে গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। সারাদেশে ২৫৮ আসনে প্রার্থী দেয় তারা।
দলটির ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু হয় সংগঠনটির। পরবর্তী সময়ে মতভেদ ও সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে এটি পৃথক রাজনৈতিক দলে রূপ নেয়। ১৯৯১ সাল থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করে। ২০০৮ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক গ্রহণ করে।
এবারের নির্বাচনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল ৫ ও বরিশাল ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি আসনেই তিনি বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হন। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার পান ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট, সেখানে ফয়জুল করীম পান ৯৩ হাজার ৫২৮ ভোট। বরিশাল ৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান পান ৮১ হাজার ৮৭ ভোট, জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি পান ৫৪ হাজার ৫৩৩ ভোট এবং ফয়জুল করীম পান ২৮ হাজার ৮২৩ ভোট।
যদিও একাধিক আসনে দলটির প্রার্থীরা অংশ নেন, শেষ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বের সুযোগ আসে বরগুনা ১ আসন থেকেই। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশ ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সংসদে এক আসনের উপস্থিতি সংখ্যায় ছোট হলেও রাজনৈতিক পরিসরে এটি নতুন বাস্তবতা তৈরি করল। গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের এই অধ্যায় ভবিষ্যতে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কৌশলে কী পরিবর্তন আনে, সেটিই এখন দেখার বিষয়। জাতীয় রাজনীতির বহুমাত্রিকতায় নতুন একটি কণ্ঠ যুক্ত হলো, যা সংসদীয় বিতর্কে ভিন্ন স্বর হিসেবে প্রতিধ্বনিত হবে।