ঢাকার পানি ও স্যানিটেশন উন্নয়নে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পানি দূষণ কমানো এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
১১ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালকদের সভায় ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক কর্মসূচির অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ঢাকার বিভিন্ন সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। নদী ও খালের পানি দূষণ কমিয়ে নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা পাবেন এবং আরও ৫ লাখ মানুষ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আসবেন। বিশেষ করে দূষণপ্রবণ ও সেবাবঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেসমে বলেন, ঢাকার জলাশয়গুলো কোটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের ফলে বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়েছে, যা জনস্বাস্থ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই কর্মসূচি নদী ও খাল পুনরুদ্ধারে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলবে।
সংস্থাটির তথ্যমতে, বর্তমানে ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দা পাইপভিত্তিক স্যুয়ারেজ ব্যবস্থার আওতায় রয়েছেন। অপরদিকে ৮০ শতাংশের বেশি অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি জলাশয় ও নদীতে পড়ছে। এছাড়া শহরের অর্ধেকেরও বেশি খাল বর্জ্যে ভরাট বা বিলীন হয়ে গেছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের মোট রফতানিমুখী তৈরি পোশাক কারখানার প্রায় ৮০ শতাংশ ঢাকা ও আশপাশে অবস্থিত। প্রায় ৭ হাজার কারখানা প্রতিদিন আনুমানিক ২ হাজার ৪০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছে, যার ফলে বিভিন্ন জলবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ প্রকল্পের আওতায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করে শিল্পবর্জ্য শোধনাগার স্থাপন ও পানির পুনঃব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশ্বব্যাংকের সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার হর্ষ গোয়েল জানান, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। প্রথম ধাপে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্দিষ্ট এলাকায় কাজ শুরু হবে। নদীর পানির মান পরীক্ষা, ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং এবং সমন্বিত নদী পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সরাসরি নদী ও ড্রেনে বর্জ্য ফেলা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
নগরজীবনের স্থিতিশীলতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুস্থ নদী ও পরিচ্ছন্ন পরিবেশই হতে পারে একটি বাসযোগ্য ঢাকার নতুন আশার ভিত্তি।