ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ
পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ সরে গেলে তারা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এর আগে রাত ৮টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা আবার মোড়ে জড়ো হন।
এর আগে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে কর্মসূচি পালন করছিলেন।
বিকাল ৪টার দিকে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন।
পরিস্থিতি ঘিরে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।