শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী প্রস্তুত, কন্টিনজেন্ট ও ভোটকেন্দ্র পরিদর্শন
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী এলাকায় কন্টিনজেন্ট পরিদর্শনের সময় তিনি দায়িত্বরত সদস্যদের সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতেও প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
আইএসপিআর জানায়, স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজও মোতায়েন রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।