১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগে ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আবেদন করার সময় কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সেখানে তথ্য ডাউনলোডের কোনো সুযোগ ছিল না বলে দাবি করেছে সংস্থাটি। শনিবার ৩১ জানুয়ারি ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেন কমিশনের কর্মকর্তারা।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পরে শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথও বন্ধ করার প্রক্রিয়া চলছিল। এ সময় আগে নিবন্ধন করা কিছু ব্যবহারকারী নিজের ড্যাশবোর্ডে লগইন করলে অ্যাডমিন প্যানেলও দেখতে পেয়েছেন বলে জানান তিনি। তবে কমিশনের ভাষ্য অনুযায়ী, এতে তথ্য ফাঁসের বিষয়টি সঠিক নয়।
রুহুল মল্লিক বলেন, কিছু সময়ের জন্য এনআইডি, নামসহ কিছু তথ্য দেখা গেলেও তা ডাউনলোড করার অপশন ছিল না। তিনি দাবি করেন, এটি হ্যাকিং বা অন্য কোনো অনৈতিক উপায়ে তথ্য নেওয়ার ঘটনা নয় এবং এ ধরনের কোনো অপকর্মের অভিযোগও তাদের কাছে আসেনি।
এদিকে ওয়েবসাইটটি পেশাদার কোনো প্রতিষ্ঠান নয়, বরং এআই দিয়ে তৈরি করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ইসির নিজস্ব প্রোগ্রামাররা ওয়েবসাইটটি তৈরি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এআই দিয়ে এমন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তৈরি করা সম্ভব কি না, সেটিও প্রশ্নসাপেক্ষ।
সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটটি নির্বাচন কমিশন ডেভেলপ করে। প্রথমবারের মতো গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের আবেদন এই সাইটের মাধ্যমে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তথ্য সরবরাহসহ বিভিন্ন জটিলতা নিয়ে সাংবাদিকদের আপত্তি ওঠায় কমিশন সেই উদ্যোগ থেকে সরে আসে।
ফলে আগের মতো এবারও ম্যানুয়ালি আবেদন নিয়ে যাচাই-বাছাইয়ের পর সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। আগের নিয়ম অনুযায়ী, প্রথমে ওয়েবসাইটে এনআইডি ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হতো। পরে ড্যাশবোর্ডে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করার সুযোগ ছিল। ইতোমধ্যে অনেক আবেদন জমা পড়লেও এখন সেসব আবেদনকারীর তথ্য উন্মুক্ত হওয়ার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহে পাস দিতে পারে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের কথা রয়েছে।