মিরসরাইয়ে ডিফেন্স ইকোনমিক জোন গঠনের সিদ্ধান্ত, বাতিল হলো প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চুক্তি বাতিল করে সেখানে বাংলাদেশের নিজস্ব ডিফেন্স ইকোনমিক জোন গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলটি সামরিক ও প্রতিরক্ষা শিল্পকেন্দ্রিক হবে।
সোমবার ২৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বেজার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
নতুন এই ডিফেন্স ইকোনমিক জোনটি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৮৫০ একর জমির ওপর স্থাপন করা হবে। এর আগে জি টু জি কাঠামোর আওতায় ওই জমিতে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব ছিল। সেই প্রস্তাব বাতিল হওয়ায় জমিটি অব্যবহৃত অবস্থায় ছিল। এখন সেটি প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরেই দেশে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় ছিল। দেশের স্বনির্ভরতা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈশ্বিক প্রেক্ষাপটে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাতগুলোতে গোলাবারুদ ও ট্যাংকের যন্ত্রাংশের ঘাটতি একটি বড় সমস্যা হিসেবে সামনে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ এই খাতে সম্ভাব্য ভূমিকা রাখতে পারে কি না, তা মূল্যায়ন করেই মিরসরাইয়ের জমিকে ডিফেন্স ইকোনমিক জোন হিসেবে বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা সংশ্লিষ্ট দপ্তর ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। বিনিয়োগ ও উৎপাদন প্রসঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হবে।