আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সোমবার সেনা সদরের হেলমেট অডিটরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সভায় তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় প্রতিটি সিদ্ধান্ত আইন ও বিধি অনুযায়ী গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং কোনো ধরনের বিচ্যুতি যেন জনগণের আস্থাকে ক্ষুণ্ন না করে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংকটময় সময়ে সশস্ত্র বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।
মতবিনিময়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সহায়তা প্রদানের ক্ষেত্রেও বাহিনীর দায়িত্বের কথা তুলে ধরা হয়, যাতে প্রতিটি নাগরিক ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের জন্য আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে তরুণ ভোটারদের প্রথমবারের মতো ভোটদানের অভিজ্ঞতা বিবেচনায় রেখে একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।
সভায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করা হয়। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, আধুনিক সরঞ্জাম উৎপাদন এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব উদ্যোগ ভবিষ্যতের নির্বাচিত সরকারও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।