বিকেল সাড়ে ৪টার পর পৌঁছানো পোস্টাল ব্যালট গণনায় আসবে না, দ্রুত পাঠাতে ইসির নির্দেশনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের ক্ষেত্রে ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে। এ সময়ের পরে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যালট গণনা করা হবে না।
শনিবার ২৪ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান শেষ করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে হলুদ খাম জমা দেবেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যায়।
ইসি আরও জানায়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছাতে নাও পারে। এ কারণে প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যেই পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিদের তিন শ্রেণির ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের ভোটগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।