সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস প্রধান উপদেষ্টার, যমুনায় জামায়াত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে আশ্বাস দেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপাক্ষিক আচরণের অভিযোগ করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তারা শুনেছেন এবং এ বিষয়ে উদ্বেগ রয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।