সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশ
সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ আবাসন অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসায় থাকা ভাড়াটিয়া ও সাবলেটগ্রহীতাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্ধারিত সময়ের পর এমন কাউকে পাওয়া গেলে সংশ্লিষ্ট বাসার বরাদ্দ বাতিলসহ আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৯ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর এ বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে। পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ আবাসন অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি আবাসনের সম্পূর্ণ অংশ কিংবা আংশিক অংশ অন্যের কাছে ভাড়া দেওয়া যাবে না। ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে না নিলে এবং এরপর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে এমন কাউকে পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে বাসার বরাদ্দ বাতিলের পাশাপাশি বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।
সরকারি আবাসন ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব বসবাসের জন্য বাসা বা ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দপ্রাপকদের কেউ কেউ আবাসনের একাংশ কিংবা পুরো বাসা ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে বরাদ্দের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট এলাকার প্রকৌশলীদের অবহিত করা হয়েছে। গণবিজ্ঞপ্তির অনুলিপি প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী এবং সরকারি আবাসন পরিদপ্তরের ঢাকা ও চট্টগ্রামের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অননুমোদিত সাবলেট কার্যক্রম বন্ধে তদারকি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।