চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন নির্ধারণে নতুন প্রজ্ঞাপন
নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাইয়ের আগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এবং চুক্তির মেয়াদ বহাল থাকা ব্যক্তিদের বেতন সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। তারা বিধি অনুযায়ী বর্ধিত হারে বেতন ও চুক্তিতে নির্ধারিত অন্যান্য ভাতা পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না।
অন্যদিকে, ১ জুলাইয়ের পর নিয়োগপ্রাপ্তদের অবসরের আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা পারস্পরিক সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন চূড়ান্ত হতে পারে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত বেতন থেকে মোট পেনশন ও বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক চাকরির জন্য ইনক্রিমেন্ট, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন দেওয়া হবে না।
অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনায় সংশ্লিষ্টদের বেতন ও সুবিধা নির্ধারণে চুক্তির শর্ত এবং প্রযোজ্য বিধান অনুসরণের কথা বলা হয়েছে।