সৌদিতে হতাহত প্রবাসীদের খোঁজ রাখছে সরকার, ৫২ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত ও আহত প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকার নিয়মিত খোঁজখবর রাখছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি জানান, পাঁচটি হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।
রিক্রুটিং এজেন্সির অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী জানান, অনিয়মের অভিযোগে ইতোমধ্যে ৫২টি বড় রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্রাভেল এজেন্সির অনিয়ম নিয়ন্ত্রণে অনলাইনভিত্তিক কঠোর নজরদারি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আগামী ৭ নভেম্বরের মধ্যে নারী শ্রমিকদের আবাসন ও হাসপাতাল প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মন্ত্রী।