সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সিআইডির হাতে গ্রেপ্তার কর্মকর্তা
নিজ প্রতিষ্ঠানের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সানজি গ্রুপ অব কোম্পানিজের সাবেক অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা পার্থ সারথী হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বছর বয়সী পার্থ সারথী হালদারকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা। প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মামলার এজাহার ও সিআইডির অনুসন্ধান অনুযায়ী, পার্থ সারথী হালদার ও তাঁর সহযোগীরা প্রতিষ্ঠানের মালিকের স্বাক্ষর করা ফাঁকা চেক ব্যবহার করে অর্থ আত্মসাতের কৌশল অবলম্বন করেন। এসব চেকে প্রাপকের নাম পরিবর্তন করে অর্থ নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে ব্যাংক ট্রান্সফার ও আরটিজিএসের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে নেওয়া হতো। জালিয়াতির বিষয়টি আড়াল করতে প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ সফটওয়্যারে ভুয়া হিসাব তৈরি করা হয়েছিল। নথিপত্রে অর্থ জমা দেখানো হলেও ব্যাংক হিসাব যাচাই করে সংশ্লিষ্ট অর্থের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে সিআইডি।
তদন্তে উঠে এসেছে, বিভিন্ন চেক জালিয়াতির মাধ্যমে এককভাবে ৯ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পার্থ সারথীর বিরুদ্ধে। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ব্র্যাক ব্যাংকের ব্যক্তিগত হিসাবে জমা করে ২ কোটি ২৭ লাখ ২২ হাজার ৮৯৭ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান পানামা সিএনজি কনভার্সন থেকেও একই পদ্ধতিতে ৬৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজধানীর ভাটারা থানায় মামলা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর শান্তিনগর মোড় এলাকা থেকে চক্রের দুই সহযোগী সাইফুল ইসলাম ওরফে জনি এবং সৈয়দ আরব আলীকে গ্রেপ্তার করে সিআইডি।
সর্বশেষ পার্থ সারথী হালদারকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা শনাক্ত করা এবং আত্মসাৎ করা অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে, তা অনুসন্ধানে আইনি কার্যক্রম চলমান রয়েছে।