পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, রোডম্যাপ ঘোষণা
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, রমজানের আগে দুই ধাপে এবং রমজানের পরে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন হবে ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।
এ ছাড়া তৃতীয় ধাপের নির্বাচন ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের নির্বাচন ১৩ মে এবং পঞ্চম ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদনসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়।