মেসির স্বাক্ষরিত জার্সি জাতীয় জাদুঘরে, দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে পাওয়া আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার লিওনেল মেসির স্বাক্ষরসংবলিত একটি জার্সি এখন জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যক্তিগত সংগ্রহে না রেখে স্মারকটি সাধারণ মানুষের দেখার সুযোগ করে দেওয়ায় প্রতিদিনই জাদুঘরে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা।
জানা গেছে, প্রধানমন্ত্রী আর্জেন্টিনা দলের তিন ফুটবলারের স্বাক্ষরযুক্ত একটি অরিজিনাল জার্সি উপহার পান। পরে সেটি জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়, যাতে দেশের মানুষ স্মারকটি সরাসরি দেখতে পারেন। বর্তমানে জার্সিটি জাদুঘরের নিচতলার লবিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা জার্সিটি দেখতে জাদুঘরে আসছেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণের অংশ হিসেবে ছবি তুলছেন। দর্শনার্থীদের মতে, মূল্যবান একটি আন্তর্জাতিক ক্রীড়া স্মারক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় এটি কাছ থেকে দেখার সুযোগ সৃষ্টি হয়েছে।
জাতীয় জাদুঘরের নিরাপত্তাকর্মী কবির উদ্দিন জানান, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ জার্সিটি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি।
জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল বলেন, ফুটবল বিশ্বকাপ চলাকালে জার্সিটি জাদুঘরের লবিতেই প্রদর্শিত হবে। পরবর্তীতে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে দেশের ব্রাজিল সমর্থকদের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে ব্রাজিলের কোনো খ্যাতিমান ফুটবলারের স্বাক্ষরিত জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছে।