ইউএন কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলন ইউএন কপসে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
রোববার ৫ জুলাই রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তার। আগামী ১২ জুলাই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ হলে আগামী ৮ জুলাই অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দিনব্যাপী ৭ ও ৮ জুলাইয়ের এ আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তিরক্ষা ও আধুনিক পুলিশিং ব্যবস্থার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পুলিশিং এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার করার বিষয়। পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর।
নিউইয়র্ক সফরকালে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডিকার্লোর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় হবে।
পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের শান্তিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।