সার্টিফিকেট সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ঢাকা শিক্ষা বোর্ডের
সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার ৪ জুলাই বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বোর্ডের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আবেদন প্রক্রিয়ায় আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে। অনেক ক্ষেত্রে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে পাঠানো না হওয়ায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় হয়রানি ও দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।
এ ছাড়া আবেদনপত্রে আবেদনকারী কিংবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।