পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ
উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় দায়িত্ব পালনকারী পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম হতে পারে স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নাম হতে পারে স্পেশাল সিকিউরিটি ইউনিট ডিএমপি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তনের অনুমোদন চাওয়া হয়। এর পরদিন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছেও পৃথকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর অপরাধ ও নিরাপত্তা ঝুঁকির ধরনে পরিবর্তন আসায় ইউনিটগুলোর কার্যক্রম আরও আধুনিক ও সময়োপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেটভিত্তিক যোগাযোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ছে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন অপতৎপর গোষ্ঠী অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি তরুণদের গোপনে উগ্রপন্থায় সম্পৃক্ত করার চেষ্টাও বাড়ছে। পরিবর্তিত এই বাস্তবতায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা জোরদারে ইউনিটগুলোর দায়িত্ব আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করতে সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাদের মূল দায়িত্ব ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম আগের মতোই বহাল থাকবে।
এ বিষয়ে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ইউনিটগুলোর নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠকও হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে রাজধানীর হোলি আর্টিজান হামলার পর সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষায়িত ইউনিট হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ডিসেম্বর ইউনিটটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।