বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার আব্দুস সালাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুস সালাম। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব প্রদান করেছেন।
শনিবার ২০ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ এর অনুচ্ছেদ ৭ এর উপধারা ১ অনুযায়ী রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন এই নিয়োগ প্রদান করেছেন।
ব্যারিস্টার আব্দুস সালাম দেশের একজন সুপরিচিত আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি কাতার ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট ৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে ওই আসনে মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক, যিনি পরবর্তীতে নির্বাচিত হন।
সংশ্লিষ্ট মহলের মতে, রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করার ধারাবাহিকতার অংশ হিসেবে এ নিয়োগ বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার আব্দুস সালামের দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট অঞ্চলের কয়েকজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবুল কাহের চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান কয়েস লোদী দায়িত্ব পালন করছেন। ব্যারিস্টার আব্দুস সালামের নতুন নিয়োগের মাধ্যমে সেই ধারায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো।