প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় ও প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হন।
রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে একাধিকবার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখনো আশা করছে যে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত সরকার আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তিনি বলেন, সরকার চায় তিনি দেশে এসে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন।
সংলাপে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।