সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫১
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর ফলে চলতি বছরে বিভাগে হাম ও এর উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
মৃত চার শিশুর মধ্যে দুজন সিলেট জেলার, একজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। মারা যাওয়া শিশুরা হলো, সিলেটের ফেঞ্চুগঞ্জের আবিদ যার বয়স ১০ মাস, সিলেটের শাহপরাণ এলাকার আরাবি আহমদ যার বয়স ১৫ মাস, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নাফি ইসলাম যার বয়স ৫ মাস এবং সুনামগঞ্জের দিরাইয়ের নিলয় রায় যার বয়স ৬ মাস। এর মধ্যে আবিদ ও আরাবি সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং নাফি ও নিলয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৩ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি আছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫৮ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৮৪ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের শনাক্তদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৪৭ জন এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগে ৪ জন মারা গেছেন।