সোলেইমানি হত্যার প্রতিশোধে ইভাঙ্কা ট্রাম্পকে লক্ষ্য করে ষড়যন্ত্রের অভিযোগ
ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে আইআরজিসি সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক ইরাকি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার ২৪ মে, দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ৩২ বছর বয়সী মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি নামে ওই ব্যক্তি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রতিবেদনে আরও বলা হয়, ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্পের বাসভবনের একটি নকশাও তার কাছে ছিল।
মার্কিন তদন্তকারীদের তথ্য অনুযায়ী, আল সাদি মূলত ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজিসির শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে ট্রাম্প পরিবারের বিরুদ্ধে পরিকল্পনা করছিল। ওয়াশিংটনে অবস্থিত ইরাকি দূতাবাসের সাবেক উপ সামরিক কর্মকর্তা ইনতিফাদ কানবার দাবি করেন, সোলেইমানি নিহত হওয়ার পর আল সাদি প্রকাশ্যে প্রতিশোধমূলক বক্তব্য দিত এবং ট্রাম্প পরিবারের বিরুদ্ধে হুমকিও ছড়াত।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্লোরিডার একটি আবাসিক এলাকার মানচিত্র পোস্ট করে আল সাদি হুমকিমূলক বার্তা দেয়। ওই এলাকাতেই ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের বাসভবন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, গত ১৫ মে তুরস্ক থেকে আটক করার পর আল সাদিকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একাধিক হামলা এবং হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও কানাডায় বিভিন্ন সহিংস ঘটনার পরিকল্পনা ও সমন্বয়ের বিষয়ও।
ফেডারেল তদন্তকারীরা বলছেন, আল সাদি বিভিন্ন হামলার পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে জড়িত ছিল এবং ইউরোপের কয়েকটি ধর্মীয় স্থাপনায় হামলার পরিকল্পনার সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
গবেষক এলিজাবেথ সুরকোভের বরাতে প্রতিবেদনে বলা হয়, আল সাদি কাসেম সোলেইমানির ঘনিষ্ঠ বলয়ের একজন হিসেবে পরিচিত ছিল এবং পরবর্তীতে আইআরজিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তার যোগাযোগ বজায় ছিল। তিনি আরও জানান, আল সাদি ইরান সংশ্লিষ্ট নেটওয়ার্কের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আল সাদি ইরাক ও ইরানের মিলিশিয়া সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কে সক্রিয় ছিল এবং ধর্মীয় ভ্রমণসংশ্লিষ্ট একটি ট্রাভেল এজেন্সির আড়ালে আন্তর্জাতিক যোগাযোগ বিস্তারের কাজ করত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আল সাদির আইনজীবীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।